ছেলেদের ও মেয়েদের বিগ ব্যাশ ম্যাচে নতুন একটি নিয়ম চালু হয়েছে। এবার ইনিংসের প্রথম ওভারে যদি কোনো বল গ্যালারিতে পৌঁছায়, দর্শকরা সেই বল স্মারক হিসেবে রাখতে পারবেন। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নাইন’ জানিয়েছে, বিগ ব্যাশ এই নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে।
এ ধরনের নিয়ম বেসবলে বহু শতাব্দী ধরে চলে আসছে। সেখানে দর্শকরা গ্যালারিতে চলে আসা বল রেখে দিতে পারেন। তবে বিগ ব্যাশে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
নিয়মের শর্ত:
ম্যাচের প্রথম ওভারে (বৈধ ছয়টি ডেলিভারি) যদি ছক্কা বা চার হয়ে বল গ্যালারিতে চলে যায়, দর্শকরা তা রাখতে পারবেন।
দ্বিতীয় ওভারের শুরুতে নতুন বল ব্যবহার করা হবে, যাতে বাকি ১৯ ওভারে দুই দল একই কন্ডিশনের বল ব্যবহার করতে পারে।
প্রথম ওভারে যদি একাধিক বল মাঠের বাইরে যায়, প্রতিবারই নতুন বল আনা হবে।
মেয়েদের বিগ ব্যাশ শুরু হচ্ছে আগামীকাল থেকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোডে স্পোর্টসের সাংবাদিক ড্যানিয়েল চের্নি জানিয়েছেন, মেয়েদের ম্যাচেও একই নিয়ম প্রযোজ্য। গত জুলাইয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যাংকিং অংশীদার হওয়া প্রতিষ্ঠান ওয়েস্টপ্যাক নতুন নিয়মের পৃষ্ঠপোষক, যার প্রচারণামূলক নাম ‘ওয়েস্টপ্যাক কিপ দ্য বল’। ছেলেদের বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে।
সময় নষ্ট কমানোর জন্য অ্যাম্পায়ারদের কাছে বিকল্প বল থাকবে। এছাড়া ইনিংসপ্রতি কাউন্টডাউন টাইমার ফিরিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওভাররেট পূরণ করতে ব্যর্থ হলে, দলগুলোকে অতিরিক্ত একজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের ভিতরে রাখতে হবে।
গত মৌসুমের তথ্য অনুযায়ী,
ছেলেদের বিগ ব্যাশে গড়ে প্রতি দুই ম্যাচে একবার প্রথম ওভারে বল গ্যালারিতে গেছে।
মেয়েদের বিগ ব্যাশে গড়ে প্রতি ১০ ম্যাচে একবার এমন ঘটনা ঘটেছে।
বিগ ব্যাশ লিগের নির্বাহী জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন বলেন,
“খেলোয়াড়দের সঙ্গে দর্শকদের সংযোগই বিগ ব্যাশ লিগের প্রাণ, আর এই উদ্যোগ আমাদের দর্শককেন্দ্রিক উদ্ভাবনের প্রতি অঙ্গীকারকে তুলে ধরে।”
লিগের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্ভাবনটি ‘মেজর লিগ বেসবলের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত’, যেখানে এক শতাব্দীর বেশি সময় ধরে দর্শকরা ফাউল বল এবং হোম রানের বল ধরে রাখতে পারেন। সমর্থকেরা প্রায়ই মিড (বেসবল বল ধরার গ্লাভস) ব্যবহার করেন, যা দর্শকসারিতে উড়ে আসা বল ধরতে সাহায্য করে।
