দ্বাদশ বিপিএলে ফিক্সিং রোধে নতুন উদ্যোগ, প্রতিটি দলের সঙ্গে থাকবেন সিআইডি সদস্য

দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে ফিক্সিং নিয়ে সতর্কতা অবলম্বন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিলামের সময় অভিযুক্ত নয়জন স্থানীয় ক্রিকেটারকে বাদ দিয়ে নিলামের আয়োজন করা হয়েছে। কিন্তু শুধু নিলামে নয়, পুরো টুর্নামেন্ট জুড়েই ফিক্সিং প্রতিরোধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

বিসিবি জানিয়েছে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) থেকে দুজন করে সদস্য নিয়োগ দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে ফিক্সিং, ম্যাচফিক্সিং বা অন্য ধরনের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে। বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের ইন্টিগ্রিটি টিম থাকবেই, এবার সিআইডির সহযোগীতা যুক্ত হচ্ছে। একজন অফিসার পোশাকধারী, আরেকজন সাদাপোশাকে প্রতিটি দলের সঙ্গে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘সিআইডি বাংলাদেশের সবচেয়ে দক্ষ ক্রিমিনাল ইনভেস্টিগেশন সংস্থা। তাদের কাছে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি রয়েছে। প্রয়োজন হলে তারা যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন। সরকারের সঙ্গে সমন্বয় রেখে আমরা খেলায় স্বচ্ছতা বজায় রাখব। এই পদক্ষেপ দেখাবে যে আমরা আন্তরিক এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।’

২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দ্বাদশ বিপিএলে এই ব্যবস্থা ফিক্সিং রোধে কার্যকর ভূমিকা রাখবে। বিসিবি আশা করছে, খেলোয়াড়রা সততার সঙ্গে খেলবে এবং দর্শকরা আত্মবিশ্বাসের সঙ্গে ম্যাচ উপভোগ করতে পারবেন।

মন্তব্য করুন