নারী ক্রিকেটে অসদাচরণ তদন্তে আরও দুজন সদস্য যুক্ত হল

বাংলাদেশ নারী ক্রিকেটে অসদাচরণের অভিযোগের তদন্তে গঠিত কমিটিতে আরও দুইজন নতুন সদস্য যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সদস্য যোগ হওয়ার পর কমিটির সদস্যসংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সম্প্রতি জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার জাহানারা আলম এক ইউটিউব সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। এই অভিযোগের পর গত শনিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। কমিটির অন্য দুই সদস্য হলেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

এর পরদিন রবিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক বিবৃতিতে জানায়, অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিতে যৌন হয়রানি সংক্রান্ত তদন্তে অভিজ্ঞ অন্তত দুজন স্বাধীন বিশেষজ্ঞকে কমিটিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

আজ বিসিবি তাদের নতুন বিজ্ঞপ্তিতে জানায়, তদন্ত কমিটিতে আরও দুইজন অভিজ্ঞ আইনজীবীকে যুক্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বর্তমান আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাঈমা হক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান।

বিসিবি আগেই জানিয়েছে, তদন্ত কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে।

মন্তব্য করুন