নিরাপত্তা উদ্বেগে পাকিস্তান ছাড়ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, ঝুঁকিতে পুরো সিরিজ

নিরাপত্তা আশঙ্কার কারণে পাকিস্তান সফর অসমাপ্ত রেখে দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কা দলের অন্তত আটজন ক্রিকেটার। বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) এক কর্মকর্তা।

এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান–শ্রীলঙ্কার চলমান ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ এবং জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

গত মঙ্গলবার ইসলামাবাদের আদালত কমপ্লেক্সের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত ও ২৭ জন আহত হন। হামলার স্থানটি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে, যেখানে চলছে দুই দলের ওয়ানডে সিরিজ। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কান শিবিরে।

খেলোয়াড়দের আশ্বস্ত করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি মঙ্গলবার প্রথম ওয়ানডে চলাকালীন সময়েই দলের সঙ্গে দেখা করেন। তিনি সফরকারী লঙ্কানদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন। পাকিস্তান সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সকে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত করা হলেও ক্রিকেটারদের মন থেকে ভয় কাটেনি।

এসএলসির এক সূত্র এএফপিকে জানায়, বৃহস্পতিবার নির্ধারিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে পাকিস্তানে বিকল্প খেলোয়াড় পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পরিকল্পনা অনুযায়ী ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ আয়োজন করা যায়।

বোর্ডের সভাপতি শাম্মি সিলভা জানিয়েছেন, সিরিজ চালিয়ে যাওয়ার বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তান ৬ রানে জয় পেয়েছিল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হওয়ার কথা ছিল আজ (বৃহস্পতিবার) এবং আগামী শনিবার।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার সময় শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর ছয় বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা শ্রীলঙ্কান ক্রিকেটারদের মনে, যা নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে বর্তমান সফরে।

মন্তব্য করুন