ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলেন দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয়

বেঙ্গালুরুর মাঠে ১৭ নভেম্বর শুরু হতে যাওয়া তিন দলের অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারতের দুটি দল—‘এ’ ও ‘বি’—সাথে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯।

গতকাল ভারতের দুই দল ঘোষণা করা হয়। সেই ঘোষণায় চোখে পড়েছে একটি বিশেষ নাম—রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে, ১৬ বছর বয়সী অন্বয় দ্রাবিড়।

ভারতের ক্রিকেট ইতিহাসে রাহুল দ্রাবিড় ‘দ্য ওয়াল’ হিসেবে খ্যাত, ব্যাট হাতে ছিলেন নির্ভরতার প্রতীক। কোচ হিসেবে তিনি ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নিয়ে গেছেন। তাঁর নেতৃত্বে গত বছর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এবার তাঁর ছোট ছেলে অন্বয়ও বাবার মতো পরিশ্রম ও প্রতিশ্রুতির ভিত্তিতে অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন।

দ্রাবিড় পরিবারের বড় ছেলে সমিতও ক্রিকেটার এবং অলরাউন্ডার হিসেবে খেলেন। গত বছর কোচবিহার ট্রফিতে তিনি ৮ ম্যাচে ৩৬২ রান করেন এবং ১৬ উইকেট নেন। অন্বয় ক্রিকেটের ভিন্ন পথে চলছেন—তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে অন্বয়কে অনূর্ধ্ব-১৯ দলে রাখা হয়েছে। তিনি ভিনু মানকড় ট্রফিতে কর্ণাটকের অধিনায়ক ছিলেন এবং আগের আসরে দলের সর্বোচ্চ রান করেছিলেন।

এই দলে এবার আয়ুশ মাহাত্রে ও বৈভব সূর্যবংশীর জায়গা হয়নি। ভারতের সংবাদমাধ্যম জানিয়েছে, তাঁরা এখন বড় পর্যায়ের ক্রিকেটে সুযোগ পাচ্ছেন। মাহাত্রে এই মৌসুমে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলছেন, আর সূর্যবংশী ডাক পেয়েছেন ভারত ‘এ’ দলে।

দ্রাবিড়ের বড় ছেলে সমিত গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ সিরিজের জন্য নির্বাচিত হলেও চোটের কারণে মাঠে নামতে পারেননি।

মন্তব্য করুন