জাতীয় দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে—এমন নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। ভারতের শীর্ষ সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বোর্ডের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই দুই সিনিয়র ক্রিকেটারের কাছে পৌঁছে গেছে।
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরও কোহলি ও রোহিত এখনো ভারতের ওয়ানডে দলে আছেন। বিসিসিআইয়ের নতুন এই নির্দেশের ফলে দুজনকে দেখা যেতে পারে দেশের ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা ‘বিজয় হাজারে ট্রফি’-তে, যা শুরু হবে আগামী ২৪ নভেম্বর। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ফাঁকে এটিই ভারতের একমাত্র ঘরোয়া একদিনের টুর্নামেন্ট।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোহিত ইতিমধ্যেই মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) জানিয়েছেন যে তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলতে প্রস্তুত। তবে কোহলির অংশগ্রহণ এখনো অনিশ্চিত।
৩৮ বছর বয়সী রোহিত ও ৩৭ বছর বয়সী কোহলি সর্বশেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের সিরিজে রোহিত একটি ফিফটি ও একটি সেঞ্চুরি করেন, আর কোহলি শেষ ম্যাচে খেলেন অপরাজিত ৭৪ রানের ইনিংস, যদিও প্রথম দুটি ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন।
বোর্ডের এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাঁদের দুজনকেই জানিয়েছে—যদি ভারতের হয়ে খেলতে চান, তবে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। তাঁরা যেহেতু টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকতে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়াই এখন বাধ্যতামূলক।”
পত্রিকাটি আরও জানিয়েছে, আসন্ন সৈয়দ মুশতাক আলি টি–টোয়েন্টি টুর্নামেন্টেও (শুরু ২৬ নভেম্বর) অংশ নিতে পারেন রোহিত। বর্তমানে তিনি মুম্বাইয়ের শারদ পাওয়ার ইনডোর একাডেমিতে অনুশীলন করছেন। অন্যদিকে, লন্ডনে থাকা কোহলির কাছ থেকেও ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রত্যাশা করছে বিসিসিআই।
সম্প্রতি নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকারও খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছিলেন। তাঁর ভাষায়, “আমরা অনেক আগেই জানিয়ে দিয়েছি—যখনই খেলোয়াড়েরা ফ্রি থাকবেন, তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। ফিটনেস ও প্রস্তুতি ধরে রাখার এটিই সবচেয়ে কার্যকর উপায়।”
গত মৌসুমে কোহলি ও রোহিত দুজনেই রঞ্জি ট্রফিতে একটি করে ম্যাচ খেলেছিলেন—১২ বছর পর দিল্লির হয়ে মাঠে নামেন কোহলি, আর ১০ বছর পর মুম্বাইয়ের হয়ে খেলেন রোহিত। সে সময় রোহিত বলেছিলেন, “২০১৯ সাল থেকে নিয়মিত টেস্ট খেলছি। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যে ঘরোয়া ম্যাচ খেলার সুযোগ পাওয়া দুষ্কর। মাঝে মাঝে বিশ্রামও দরকার হয়।”
আগারকার পরে বলেন, “দুই বছর পর পরিস্থিতি কেমন হবে, এখনই বলা যায় না। তাঁদের আমরা প্রতি ম্যাচে পরীক্ষা নিচ্ছি না, আবার এক সিরিজে ব্যর্থ হলে বাদও দিচ্ছি না। ২০২৭ এখনো অনেক দূর। তাঁরা যা অর্জন করার করেছেন—রান, ট্রফি—সবই আছে। তবে এক সিরিজে ভালো করলেই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত হয়ে যাবে, এমনও নয়। দলের সামগ্রিক গঠনই এখন মূল বিষয়।”
![কোহলি ও রোহিতকে ভারতের হয়ে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে 1 ভারতের হয়ে খেলতে চাইলে ঘরোয়া ক্রিকেট Cricket Gurukul [ ক্রিকেট গুরুকুল ] GOLN](https://test.sportsgoln.com/wp-content/uploads/2025/11/ভারতের-হয়ে-খেলতে-চাইলে-ঘরোয়া-ক্রিকেট.jpg)